
জীবিকার সন্ধানে রাশিয়ায় গিয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক যুবক। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তার সূত্র ধরে ড্রোন হামলায় তার নিহত হওয়ার খবর পেয়েছেন বলে দাবি করেছেন স্বজনরা। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
নিখোঁজ যুবক মাফুল ওরফে মফিজ (২৩) উপজেলার কড়ইচড়া ইউনিয়নের চরগুজামানিকা চাইলেনিপাড়া গ্রামের বানু মিয়ার ছেলে।
দৈনিক আমার দেশ সূত্রে জানা গেছে, গত ৭ মে চাঁদপুরের এক দালালের মাধ্যমে রাশিয়ায় যান মাফুল। সেখানে রাজমিস্ত্রীর কাজ দেওয়ার কথা থাকলেও রাশিয়ায় পৌঁছানোর পর তাকে প্রতারণার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে বলে পরিবারের কাছে জানিয়েছিলেন তিনি। স্বজনরা জানায়, দালাল চক্র অর্থের বিনিময়ে তাকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে।
পরিবারের সদস্যরা জানান, সর্বশেষ গত ২৯ মে মাফুলের সঙ্গে তাদের কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তার মাধ্যমে তারা জানতে পারেন, ড্রোন হামলায় তিনি নিহত হয়েছেন। রোববার বিকেলে বিষয়টি সম্পর্কে তারা অবগত হন বলে জানান।
মাফুলের মা মাহফুজা বেগম কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলে কাজের জন্য বিদেশে গিয়েছিল। এখন শুনছি সে আর বেঁচে নেই। আমি আমার ছেলের লাশ দেশে ফেরত চাই। যারা তাকে বিদেশে নিয়ে গেছে, তাদের বিচার চাই।’
মাফুলের চাচা শাহ মনি সেলিম সাংবাদিকদের বলেন, বিদেশে যাওয়ার পর মাফুল ফোন করে জানিয়েছিল, তাকে প্রতিশ্রুত কাজ দেওয়া হয়নি; বরং যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। সে পরিবারের কাছে দোয়া চেয়েছিল।
তথ্যসূত্র:
১। কাজের কথা বলে রাশিয়ায়, পরে যুদ্ধক্ষেত্রে—নিখোঁজ বাংলাদেশি যুবকের মৃত্যু নিয়ে শঙ্কা
– https://tinyurl.com/5cpvu4fd


